ফেনীতে ১৪৪ ধারা, প্রতিবাদে বিএনপির দুই দিনের বিক্ষোভ

ফেনীর ফুলগাজীতে নেতাকর্মীদের ওপর হামলা এবং ত্রাণ বিতরণে বাধা ও প্রশাসনের ১৪৪ ধারা জারির প্রতিবাদে আজ রবিবার ফেনীর সব উপজেলায় এবং আগামীকাল সোমবার জেলাশহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনীর ফুলগাজী উপজেলা দৌলতপুর গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে গতকাল শনিবার বিকেল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এ অবস্থায় গত শুক্রবার রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশে বলা হয়, শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুলগাজী উপজেলায় ১৪৪ ধারা জারি থাকবে।

এর আগে শুক্রবার বিকেল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ ঘটনায় তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার বলেন, বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানিসহ ৫ জনকে আহত করেছে।