রূপপুর প্রকল্প

দোভাষীর বিরুদ্ধে ‘অর্থবাণিজ্যে’র অভিযোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান সাব-ঠিকাদারি এনেরগো স্পেস মানতাস কোম্পানির দোভাষী রেজাউর রহমানের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়া, চুক্তি নবায়ন না করা, টাকা না দিলে চাকরির চুক্তি বাতিল করা, কারণে-অকারণে রাশিয়ানদের নিকট অভিযোগ করে চাকরিচ্যুত করা, এক থেকে দেড় লাখ টাকা নিয়ে নতুন শ্রমিক নিয়োগ দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন রাশিয়ান এনেরগো স্পেস মানতাস কোম্পানি থেকে সদ্য চাকরিচ্যুত হওয়া শ্রমিক রাউফুর রায়হান, আলামিন, গোলাম আজম ইমরান, কল্লোল ও শামীম। সংবাদ সম্মেলন থেকে তারা দোভাষী রেজাউর রহমানের শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী রাউফুর রায়হান বলেন, তারা কোম্পানিতে সময় নিয়ন্ত্রণ পদে চাকরি করতেন। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে কোম্পানির দোভাষী রেজাউর রহমান তাদের চাকরি নবায়ন করার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। চাকরি হারানোর ভয়ে তারা রেজাউর রহমানকে গত এপ্রিল মাসের ৭ ও ১০ তারিখে দুই ধাপে ১ লাখ ৪০ হাজার টাকা দেন। কিন্তু এরপরও রেজাউর কোম্পানির রাশিয়ান কর্মকর্তাকে দিয়ে গত ১৭ এপ্রিল তাদের চাকরিচ্যুত করায়। পরে এক লাখ টাকা দিলে হারানো চাকরি ফেরত দেবেন আর না দিলে টাকা নিয়ে অন্য কাউকে যোগদান করাবেন বলে জানান রেজাউর।

এ বিষয়ে দোভাষী রেজাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।