দেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, যাদের বড় একটি অংশ কম বয়সী। এ জন্য এটি রোধে পরিবার থেকে সচেতনতার কার্যক্রম চালাতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে পাঠ্যক্রমে এ বিষয়টি যুক্ত করতে হবে বলেও মনে করছেন ক্যানসার চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত ‘স্তন ক্যানসার সচেতনতায় চাই সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর ১০ অক্টোবর বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত হয়ে আসছে। গোলাপি সড়ক শোভাযাত্রা, সচেতনতা ও ফ্রি স্ক্রিনিংসহ নানা কার্যক্রমের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই দিবস পালন করা হয়। এ বছর এই দিবস উদযাপিত হবে দশমবারের মতো।
ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, গত বছর ঢাকায় সাড়ে ৫শ’ নারীর স্ক্রিনিং হয়েছে। ঢাকার বাইরে অন্তত ৩০টি জেলায় সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। এবার ৬৪টি জেলায় করার ইচ্ছা। ক্যানসার চিকিৎসায় সারা দেশের আরও আটটি মেডিকেল কলেজে ব্যবস্থা হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ চলছে। এই রোগে আক্রান্তদের বেশিরভাগই প্রান্তিকের। সচেতনতার অভাবে শেষ সময়ে গিয়ে চিকিৎসা নেন। একই সঙ্গে সচেতনতা সৃষ্টিতে পাঠ্যক্রমে এটি যুক্ত করতে হবে। তাহলে শুরুতেই সচেতন হলে প্রতিরোধ করতে পারবে।
প্যানেল আলোচক সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকসের সভাপতি ডা. হালিদা হানুম আক্তার বলেন, নারীর কোনো একটি অঙ্গ তার মৃত্যুর কারণ হতে পারে। স্তন ক্যানসার এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। তাই এটি নিয়ে সচেতন ও প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। বিশেষ করে নারীকেই সচেতন হতে হবে। মা জানলে মেয়ে সুস্থ থাকবে। শুধু নারী নয়, পুরুষদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।
অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ বলেন, স্তন ক্যানসারে একসময়ে ২২ হাজার নারী আক্রান্ত হতো, বিনা চিকিৎসায় মারা যেত ৭০ ভাগ। সচেতনতা বাড়াতে বর্তমানে সেটি কমেছে। স্তন ক্যানসারের সার্জিক্যাল অপারেশনের জন্য যাতে কাউকে অন্য কোনো দেশে না যেতে হয় সেই চেষ্টা চলছে। তবে আমাদের গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, প্রতিবছর ১০ অক্টোবরকে যেহেতু পালন করা হয়, তাই এই দিনটিকেই ধরে আগানো উচিত। নির্ধারিত দিন হলে সরকারিভাবেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দেশে ক্যানসার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিবছর ১৫ হাজারের বেশি শনাক্ত ও আট হাজার রোগীর মৃত্যু হচ্ছে, যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই শেষ পর্যায়ে। তবে যেহেতু আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেশি নয়, তাই সচেতনতার পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত।