পানি খাত

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে নেদারল্যান্ডস

আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে ডাচ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন নেদারল্যান্ডসের পানিবিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক। 

 ‘নেদারল্যান্ডস-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর: পানির গল্প’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। হেঙ্ক ওভিঙ্ক, প্রতিটি ব-দ্বীপের পানিবিষয়ক নীতিমালাকে ব-দ্বীপবাসীর জীবনঘনিষ্ঠ নীতিমালায় রূপান্তরের প্রতি গুরুত্বারোপ করেন।  

বাংলাদেশি এবং ডাচ চিত্রগ্রাহকদের নির্বাচিত ছবি নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ও হেঙ্ক ওভিঙ্ক বইয়ের মোড়ক উন্মোচন করেন।  

শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেস এবং বাংলাদেশ দূতাবাস গত ১৬ মাস ধরে ‘পানিবিষয়ক ছবি প্রতিযোগিতা’র আয়োজন করে। উন্মুক্ত প্রতিযোগিতায় ১৬০০ ছবি জমা পড়ে, যার মধ্যে জুরি সেরা ১০টি ছবি নির্বাচন করে।

দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে যৌথভাবে প্রকাশিত বইটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।