অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ হয়। উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশিষ্ট অধ্যাপক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দেশে শিক্ষকদের বিরুদ্ধে লাঞ্ছনা, নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার শিকার হচ্ছেন অমুসলিম সম্প্রদায়ের শিক্ষকরা। বারবার এমন ঘটনা ঘটলেও কোনো ক্ষেত্রেই সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। আর তা হয়নি বলেই একের পর এক এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে ক্ষমতাসীন দলের মদদপুষ্ট রাজনৈতিক দুর্বৃত্তরা। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সংযোগ পাওয়া গেছে। আর এসব কারণেই সবগুলো ঘটনারই একটা নির্দিষ্ট সময় পর তদন্ত থেমে গেছে।
বক্তারা আরও বলেন, সরকার দেশের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলের মতো অনেক ভালো কাজ করলেও মানুষের মননের উন্নয়ন না ঘটাতে পারলে তা কোনো কাজে আসবে না। সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হলে দেশের মানুষের মননের উন্নয়ন ঘটাতে হবে। নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা, আশুলিয়ার শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাসহ সাম্প্রতিক সময়ে যতগুলো শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনার ঘটনা ঘটেছে, সেগুলোর দ্রুত বিচার এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। তারা পরিবেশন করেন ‘মানব না এই বন্ধনে...’ এবং ‘অধিকার কে কাকে দেয়...’ গান দুটি। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার পরিপ্রেক্ষিতে স্বরচিত গণসংগীত ‘শিক্ষক তুমি জাতি গঠনের কারিগর...’ পরিবেশন করেন উদীচীর শিল্পী তৌহিদা স্বাধীন। আবৃত্তি পরিবেশন করেন সুবর্ণা আফরিন।
ঢাকা ছাড়া দেশের বেশিরভাগ জেলা এবং উপজেলায় উদীচীর উদ্যোগে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয় বলে সংগঠনটির নেতারা জানান।
সমাবেশে বক্তব্য দেন উদীচীর সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের এম এন ফারুকী, শিক্ষাবিদ মমতাজ শরিফ, প্রজন্ম-৭১-এর সাধারণ সম্পাদক আসিফ মুনির, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, নির্যাতিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি নুরুজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রলয় সাহা, শ্যামল বিশ্বাস, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য খালেদা ইয়াসমিন কণা প্রমুখ। বক্তব্য দেন উত্তরায় তুচ্ছ কারণে মৌলবাদীদের হামলার শিকার উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ফাহমিদা হক কলি। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।