নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বন্দুক নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বন্দুক নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি ভিত্তিতে আইন পাস হয়েছে। অঙ্গরাজ্যটির বিভিন্ন অস্ত্র-সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করে গত মাসে সুপ্রিম কোর্টের দেওয়া তাৎপর্যপূর্ণ রায়ের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার নতুন আইন পাস হলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন বিধি অনুযায়ী আগ্নেয়াস্ত্র ক্রেতাদের প্রমাণ করতে হবে, তারা বন্দুক ব্যবহার করতে পারেন। এছাড়া পর্যালোচনার জন্য তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টের বিশদও জমা দিতে হবে। পাস হওয়া আইনটিতে বলা হয়েছে সংবেদনশীল স্থান বিশেষ করে সরকারি ভবন, চিকিৎসা সুবিধা, উপাসনালয়, লাইব্রেরি, খেলার মাঠ, পার্ক, চিড়িয়াখানা, স্কুল, কলেজ, গ্রীষ্মকালীন ক্যাম্প, মাদক সহায়তা কেন্দ্র, গৃহহীন আশ্রয়কেন্দ্র, নার্সিং হোম, নিউইয়র্ক সিটির সাবওয়েসহ পাবলিক ট্রানজিট, জাদুঘর, থিয়েটার, স্টেডিয়াম, ভোটের স্থান ও টাইমস স্কয়ারে অস্ত্র বহনকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আইনটি কার্যকর হবে ১ সেপ্টেম্বর।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত অঙ্গরাজ্যটির বিভিন্ন অস্ত্র-সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করে। ওই রায়ে বলা হয়, সংবিধান অনুযায়ী আত্মরক্ষার্থে একজন নাগরিকের আগ্নেয়াস্ত্র রাখার অধিকার রয়েছে। পরে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক নেতারা রায় ও আদালতের নিন্দা করে জানান, যদি বেশিসংখ্যক মানুষ বন্দুক ব্যবহার করে তাহলে সহিংসতার পরিমাণ আরও বাড়বে।

তবে বিশ্লেষকরা বলছেন, নতুন এসব বিধিনিষেধ শেষ পর্যন্ত নতুন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

দেশটির সুপ্রিম কোর্টের গত মাসের রায় বস্তুত আগ্নেয়াস্ত্র রাখার অধিকার আরও সম্প্রসারিত করেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বিষয়ে এটি ছিল মার্কিন শীর্ষ আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়।