পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে পদ্মা সেতু দেখতে আসা এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। টোল প্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে গতকাল শনিবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক মোল্লা (৬০) কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের তিতা মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ, পদ্মা দক্ষিণ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাওডোবা স্বাস্থ্যকেন্দ্রে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা গতকাল সকালে সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সেতু পার হয়ে তারা ফরিদপুরের ভাঙ্গা যান। পরে সেখান থেকে ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে পৌঁছালে কুয়াকাটা থেকে আসা যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে বহরের একটি মাইক্রোবাস উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান।

পদ্মা দক্ষিণ থানার পরিদর্শক মো. সুজন হক দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত আব্দুল হক মোল্লা মাইক্রোবাসের আরোহী ছিলেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। তিনি গাড়ির ভেতরেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। তদন্ত শেষে হাইওয়ে পুলিশ ও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম নাবিদুল ইসলাম (১৬)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তেলিহাটি ইউনিয়নের দোখলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাবিদুল বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি ছাত্র ও শিমুলতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বরমী থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নাবিদুলের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাত বছরের শিশুকে ট্রাকচাপা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার ট্রাকচাপায় সাত বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। তার নাম  মোহাম্মদ তারেকুল ইসলাম। গতকাল শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবদুল মালেক জানান, বাহারছড়ার পশ্চিম বাঁশখালা স্থানীয় অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ইটবোঝাই ডাম্পার ট্রাকটি দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবু জাফর বলেন, সরকারিভাবে রাস্তার উন্নয়নের কাজে ডাম্পার ট্রাকটি ইটবোঝাই করছে। এ সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে।