ঈদের আগে-পরে সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেলও অন্য জেলায় না চালানোর নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে (ভার্চুয়ালি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, আসছে ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন সারা দেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেল রাইড-শেয়ারিংও করা যাবে না। এছাড়াও এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।
সভায় আরও জানানো হয়, নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, গার্মেন্টসসামগ্রী, রপ্তানিপণ্য, পচনশীল দ্রব্য, পশুবাহী ট্রাক ছাড়া ভারী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন সারা দেশের মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং বিভাগীয় কমিশনার, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ঈদের আগে পদ্মা সেতুতে চালু হচ্ছে না মোটরসাইকেল : ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল রবিবার মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত হন। গতকালের বৈঠকে ‘পারিবারিক আদালত আইন, ২০২২’ এবং ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা ও স্পিডগান বসবে। এরপর হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে বাইকের বিষয়ে। ঈদের আগে মনে হয় না এটা হবে।’
পদ্মা সেতুতে হাঁটার কোনো সুযোগ নেই জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘বিষয়টি আরও কঠোরভাবে মনিটরিং করা হবে। সেতুতে কোনো ফুটপাত রাখা হয়নি। সেতুর ওপর চলাফেরার কোনো ব্যবস্থা নেই। নিচের রেল সেতুতে একটা ট্র্যাক রাখা হয়েছে। ওপরে একটা সার্ভিস লেন আছে। রক্ষণাবেক্ষণকারীরা তাদের গাড়ি সাইডে রেখে সার্ভিস লেনে চলাফেরা করতে পারবেন।’
গত ২৬ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। ২৭ জুন ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। এর আগে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয় পরদিন ভোর ৬টা থেকে। সবার আগে সেতু পার হওয়ার প্রবণতায় ২৫ জুন রাত থেকেই হাজার হাজার মোটরসাইকেল ও যানবাহন সেতুর মাওয়া প্রান্তে জড়ো হতে থাকে। এতে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট তৈরি হয়। আগে সেতু পার হওয়ার প্রবণতা থেকে বাইকচালকরা বিশৃঙ্খলা শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খান। বাইকাররা নির্দিষ্ট লেন না মেনে প্রায় সব লেনেই ভিড় করেন। এতে অন্য গাড়ি প্রবেশ করতে পারেনি টোল প্লাজায়।
এরই মধ্যে পদ্মা সেতুতে বাইক নিয়ে গিয়ে সেতুর রেলিং থেকে নাট খোলার ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওর সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক ব্যক্তিকেও একটি ভিডিওতে রেলিং থেকে নাট খুলতে দেখা যায়। সেতুতে উঠে প্রস্রাব করার ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার ঘোষণা আসে সরকারের তরফ থেকে।
পারিবারিক আদালত আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের আইনটি সামরিক শাসনামলের। ১৯৮৫ সালে ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স হয়। সেখানে দাম্পত্য কলহ, তালাক, বিয়ে নিবন্ধন ও শিশুদের ভরণপোষণের বিষয়গুলো ছিল। আগে এ বিষয়গুলো ফৌজদারি কার্যবিধির আওতায় বিবেচনা করা হতো। উচ্চ আদালতের সামরিক শাসনামলের অধ্যাদেশটি আইনে পরিণত করার নির্দেশনায় সংশ্লিষ্ট আইনের খসড়াটি মন্ত্রিসভায় তোলা হয়েছে। প্রস্তাবিত আইনে আপিল কর্তৃপক্ষে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আপিল কর্তৃপক্ষ জেলা জজ। খসড়ায় জেলা জজপর্যায়ের অন্য যে জজরা রয়েছেন, তাদেরও আপিল আদালত হিসেবে বিবেচনা করা যাবে। সরকার যদি মনে করে জেলাতে আপিলের জন্য অতিরিক্ত মামলা আছে, সে ক্ষেত্রে সমমানের অন্য আদালতকে আপিল আদালত করতে পারবে। মামলার ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, দেশে উৎপাদিত দুধ সংরক্ষণে প্রতি জেলায় সংরক্ষণাগার তৈরির সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’-এর নীতিগত অনুমোদনের জন্য নিয়ে আসা হয়। কিন্তু মিল্ক ভিটাও প্রায় একই কাজ করছে। মিল্ক ভিটার কাজগুলো সমবায়ের মাধ্যমে হচ্ছে। তাদের কাজটা কীভাবে হচ্ছে সেটা জানার জন্য আইনটা অনুমোদন না করে দুই মাস সময় দেওয়া হয়েছে।
বাংলাদেশি কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ব্রাজিলে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সই করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাজিল সফর করবেন বলে জানা গেছে।