জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদের বাগানবাড়ি থেকে বিরল প্রজাতির তিনটি মুখপোড়া হনুমান উদ্ধার করছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল।
গত শনিবার দুপুরে অভিযান চালিয়ে সাভারের কবিরপুর এলাকায় গড়ে তোলা ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের বাগানবাড়ি থেকে সেগুলো উদ্ধার করা হয়। পরে শনিবার রাতেই গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হনুমানগুলো হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, ওই বাগানবাড়িতে বৈধভাবে হরিণ ও উটপাখি লালন-পালনের অনুমোদন থাকলেও হনুমানগুলো অবৈধভাবে রাখা হয়েছিল।
তিনি জানান, ওই বাগানবাড়িতে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান পালনের কোনো অনুমোদন নেই। মুখপোড়া হনুমান বিপন্ন হওয়ায় এটা ধরা, লালন-পালন করা আইনত নিষিদ্ধ। কারণ এটি সংরক্ষিত প্রাণী। আমাদের দেশের লাউয়াছড়া, সাতছড়িসহ বেশকিছু বনাঞ্চলে মুখপোড়া হনুমান দেখা যায়। উদ্ধার হওয়া হনুমানগুলো সাফারি পার্কের কোয়ারেন্টাইনে রাখা আছে। এদের স্বাস্থ্য পরীক্ষা শেষে একটি নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।