খুলনায় ইয়াবাসহ ৪ পুলিশ গ্রেপ্তার

খুলনায় দুটি পৃথক থানা এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ চার পুলিশ সদস্য (কনস্টেবল) ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার রাতে নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর রেহানা ফিলিং স্টেশনসংলগ্ন শহীদুল স্টোরের পাশ থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। সেসময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিবির এসআই বিধানচন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই চামেলী খাতুন জানান, নগরীর বয়রার ইসলামিয়া কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই পুলিশ সদস্য ও তাদের এক সহযোগীকে। পুলিশ সদস্যরা হলেন, ৪৪/৫২ নম্বর বয়রার ইসলামিয়া কলেজ রোড এলাকার মো. শফিউদ্দিন সরদার (২৭) ও টাঙ্গাইল জেলা সদরের ভাতকোড়া গ্রামের মো. নাজমুল খান (২২) এবং তাদের সহযোগী মুজগুন্নি আবাসিক এলাকার মো. শাহীন আলম (২০)।

সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রহিত বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নগর ডিবির এসআই সেলিম হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চার পুলিশ সদস্য আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন। তারা কেএমপির পুলিশ লাইনে ছিলেন। তাদের রিমান্ডের কোনো আবেদন করা হয়নি।