চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির দায়ে রাজশাহীর আদালত এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দ-প্রাপ্ত মিজানুর রহমানের (৩০) বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাতাঞ্জ গ্রামে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে ‘মিজান মোবাইল সার্ভিসিং’ নামে তার একটি দোকান আছে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমান তার দোকানে আইএমইআই নম্বর পরিবর্তনের বিশেষ যন্ত্র ব্যবহার করতেন। এর মাধ্যমে তিনি চোরাই মোবাইল আইএমইআই নম্বর বদলে বিক্রি করতেন।
২০১৮ সালের ৬ নভেম্বর দুপচাঁচিয়া থানার এসআই আবদুস সালাম মিজানুরকে গ্রেপ্তার করেন। এ নিয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন আবদুস সালাম। পরে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল হলে মিজানুরের বিচার শুরু হয়। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।