দেশের সম্ভাবনাময় সমুদ্রসম্পদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারকে ‘মিনিস্ট্রি অব সি রিসোর্সেস’ নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গতকাল ‘এক্সপ্লোরিং দ্য পটেনশিয়াল অব সি উইডস ফর প্রমোটিং দ্য ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর ঘিরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। এর আর্থ-সামাজিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে। সমুদ্রসম্পদের সমন্বয়সাধন, পূর্ণ মনোযোগ দেওয়া বা সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য স্বয়ংসম্পূর্ণ একটি মন্ত্রণালয় স্থাপন করা প্রয়োজন। দেশের প্রথিতযশা সমুদ্রবিজ্ঞানী, গবেষকসহ সংশ্লিষ্টদের নিয়ে এ মন্ত্রণালয় গঠিত হতে পারে।