বৈচিত্র্যময় পণ্যে ৫০% পাটের ব্যবহার বাধ্যতামূলক

বৈচিত্র্যকৃত পাটপণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। তবে এই প্রণোদনা পেতে হলে রপ্তানিকারকদের প্রস্তুতকৃত পণ্যে অন্তত ৫০ শতাংশ পাটের ব্যবহার থাকতে হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ফুড গ্রেড ব্যাগ, ক্লোথ, ইয়ার্ন, টোয়াইন বৈচিত্র্যকৃত পাটপণ্য হিসেবে (হেসিয়ান, সেকিং, সিবিসি, ছয় কাউন্ট বা এর ওপরের গ্রেডের পাট সুতা ছাড়া) বিদ্যমান হারে রপ্তানি সহায়তা বা প্রণোদনা পাবে। অথরাইজড ডিলার ব্যাংক ও নিরীক্ষা ফার্মের কাছে নিষ্পন্নের জন্য যেসব আবেদন আছে, সেগুলোসহ সার্কুলার জারির তারিখ থেকে বৈচিত্র্যকৃত পাটপণ্যের নগদ সহায়তার এই নির্দেশনা কার্যকর হবে।