বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাতুল চৌধুরীর দুই হাতের রগ কেটে দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
ঘটনার পর রাতুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার রাত ৮টার দিকে মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। রাতুল মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা জগলুল হায়দার চৌধুরীর ছেলে এবং মেহেন্দীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক। তার বয়স ২৯ বছর।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল বলেন, ঘোষণার অপেক্ষায় থাকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুলের প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তার ওপর হামলা চালায়। তারা রাতুলের দুই হাতের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।
তিনি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতুলকে গভীর রাতে ঢাকায় পাঠানো হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে রাতুল চৌধুরী পাতারহাট বন্দরের উত্তরের বাজারে একটি ফার্নিচারের দোকানে বসা ছিলেন। সে সময় সংসদ সদস্যের সমর্থক আমির হোসেন, বাঘা পলাশ, রিয়াজ, কালাম, মেহেদীসহ অর্ধশতাধিক সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে। তারা কুপিয়ে রাতুলের দুই হাতের রগ কেটে দেয় এবং মাথাসহ শরীরের একাধিক স্থানে নির্মমভাবে কোপায়।
তিনি জানান, রাতুলকে প্রথমে বরিশাল মেডিকেলে এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগদলীয় স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী ও তার বিরোধীপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আহত রাতুল চৌধুরী সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরোধীপক্ষের অনুসারী হিসেবে পরিচিত।