কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে দুজনের কারাদন্ড

রাঙ্গামাটিতে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাখাওয়াত হোসেন (২৮) ও মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলম (২২) নামে দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ বছর ও ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে সাখাওয়াত হোসেনকে এক লাখ ও শাহজাহান উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুজনকে দেড় বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ২০২০ সালের ২০ অক্টোবর তারিখে কাপ্তাই বড়ইছড়ি বাজার থেকে সিএনজি অটোরিকশায় যাওয়ার সময় সাখাওয়াত ও শাহীন আলম চলন্ত গাড়িতেই ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করেন। নিজের সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দেন এবং মারাত্মক আহত হন।