রাজশাহীতে মদ খেয়ে মাতাল অবস্থায় মারামারিতে একজন নিহত হয়েছে। তার নাম সোহেল রানা (৩৩)। তিনি নগরীর শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়ে রাজশাহীর ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও আহত হয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় একটি বাড়িতে মদ পান করেন সোহেল রানা ও ফারুক। দুজনের বাড়িই নগরীর শিরোইল কলোনি এলাকায়। মদ পানের পর দুজনের মধ্যে বাগ্্বিত-া হয়। একপর্যায়ে ফারুক চাকু দিয়ে সোহেলকে আঘাত করে। মারামারিতে দুজনই আহত হলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। পুলিশ হেফাজতে সেখানে ফারুকের চিকিৎসা চলছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল করিম নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ফারুককে।