ভালুকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা মডেল থানারমোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খান, ইউপি সদস্য আসাদুজ্জামান খান, সাবেক সদস্য শহীদ খান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভালুকা থানারমোড় এলাকায় কোনো আন্ডারপাস না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে যানবাহনের চাপায় মাঝেমধ্যেই মানুষ হতাহতের ঘটনা ঘটে। তাই তারা ওই স্থানে আন্ডারপাস নির্মাণের দাবিতে আন্দোলন করছেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।