রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৭ জুলাই থেকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ জুলাই শুরু হয়ে ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে ৩১ তারিখ পর্যন্ত। এরই মধ্যে দলের নাম এবং কোন দিন কোন দলের সঙ্গে সংলাপে বসা হবে তা-ও ঠিক করেছে কমিশন। আজ বৃহস্পতিবার থেকে দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন ভবনে সংলাপের সময়সূচি প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। তিনটি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে ইসি। অশোক কুমার দেবনাথ ঘোষিত সময়সূচি অনুযায়ী দলগুলোর নাম ও তারিখ দেওয়া হলো।

১৭ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),  বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।

১৮ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে বেলা ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

১৯ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে বেলা ১টা ইসলামিক ঐক্যজোট, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)।

২০ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে বেলা ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

২১ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে বেলা ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বিকেল ৪টা থেকে ৫টা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

২৪ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি (জেপি), আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেল ৪টা থেকে ৫টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

২৫ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে বেলা দুপুর ১টা বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর বিকেল ৪টা থেকে ৫টা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সঙ্গে সংলাপ হবে।

২৬ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে বেলা ১টা বিকল্পধারা বাংলাদেশ, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

২৭ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত জাকের পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

২৮ জুলাই : সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২টা থেকে বেলা ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ম্যাপ), আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

৩১ জুলাই: বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

উল্লেখ্য, এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি বৈঠক করলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাতে অংশ নেয়নি।