ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতে ঈদে ঘরে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পরে যায়। প্রায় আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রিলিফ ইঞ্জিন এসে পৌঁছায়।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা ১০ মিনিটের দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মশাখালী স্টেশন মাস্টার মোঃ হানিফ বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। কিছুক্ষণের মধ্যে রেল যোগাযোগ সচল হবে।