সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল ও সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পাস করতে না পারায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার ভোর রাত থেকে এই মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হলেও বিকেলের দিকে কিছুটা স্বাভাবিক হয়। তবে শনিবার রাত থেকে আবারো গাড়ি চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে ঘর মুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন চরম বিপাকে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ প্রান্তে গাড়ি পাস করতে না পারায় রাত ৮টা থেকে দফায় দফায় প্রায় ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধুসেতু পূর্ব পার থেকে টাঙ্গাইলের রাবনা পাইপাস পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। অতিদ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।