ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় নিহত বাবা

টাঙ্গাইলের কালিহাতীর সিঙ্গুরিয়া এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত  ও দুইজন আহত হয়েছে। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় বাস চাপায় একজন নিহত হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি দুটি ঘটে।

এর মধ্যে যানজটে আটকে পড়ে বাস থেকে নেমে ছেলের জন্য পানি আনতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন একজন।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ায় ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম।

অন্যদিকে এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। অপর দিকে ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় সিঙ্গুরিয়া এলাকায় পৌঁছালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়। এ সময় আহত হয় আরও দুইজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

নিহত ওই নারী জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে লিমা আক্তার (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী ।