শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কোরবানির পর পশুর চামড়া কোনোভাবেই যেন নষ্ট না হয়। চামড়ার সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ লবণের ব্যবস্থা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জনগণকে সচেতন করার জন্য কোরবানির পশুর চামড়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। লবণ সংক্রান্ত প্রয়োজনে হটলাইন ও চালু করা হয়েছে।
রবিবার সকালে নরসিংদীর মনোহরদীতে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার এ বছর ভারত থেকে কোন গরু দেশে ঢুকতে দেইনি। দেশেই খামারিরা কোরবানির জন্য পর্যাপ্ত পরিমাণ গরু প্রস্তুত করেছে। যার ফলে দেশে কোন গরুর সংকট হয়নি। বাজারে দাম ভালো পাওয়ায় খামারিরাও লাভবান হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কোরবানির পর পশুর রক্ত সহ সকল প্রকার বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্বে ও সিটি কর্পোরেন বা পৌরসভার সহায়তায় অপসারণ করে ফেলতে হবে।
এবার জেলার ৮ শত ৩৬টি ঈদগাঁ মাঠে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদুলআজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে। নামাজ শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।