যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ইমরান

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মোহাম্মদ ইমরান ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য যোগ দেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।