নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, বাইক চালক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন হালদার (৩৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানিয়েছেন, শাওন হালদার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পোনা এসএস পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে সজোরে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক শাওন মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।