মায়ের সামনে মেয়েকে ধর্ষণ ৩ জনের ফাঁসি

ফেনীর সোনাগাজীতে মাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনেই মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মামলার ১৯ বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। একই সঙ্গে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। অভিযোগ প্রমাণ না হওয়ায় একই এলাকার মোহাম্মদ ফারুক খালাস পেয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী বলেন, রায় ঘোষণার সময় দন্ডিত সব আসামি ছিল পলাতক। শুধু খালাস পাওয়া ফারুক উপস্থিত ছিল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের গ্রেপ্তার হওয়ার দিন থেকে এ রায় কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ মে রাতে নবাবপুর ইউনিয়ন থেকে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরী মেয়েকে ধর্ষণ করেন দন্ডিতরা। এ ঘটনার পরের দিন ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়।