ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক প্রধান ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।
পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেন, ‘জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে। আমি আজ সন্ধ্যায় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।’
ফাইভ স্টার দলের নেতা জিউসেপ কন্তে সরকারের পারিবারিক ও ব্যবসায়িক সহায়তার জন্য ২৩ বিলিয়ন ইউরো দিতে অস্বীকার করায় ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে সংকট শুরু হয়। সে সময় বলা হয় দ্রাঘি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় যথেষ্ট কাজ করছেন না।
গতকাল সরকার সিনেটে সহজে জয়লাভ করলেও প্রধানমন্ত্রী বারবার সতর্ক করেছেন যে, ফাইভ স্টার দলের সমর্থন ছাড়া সরকার চলতে পারবে না।
দ্রাঘির ঘোষণার আগে সাধারণ নির্বাচনের জন্য নির্ধারিত সময় ছিল ২০২৩ সাল। এখন আগাম নির্বাচন ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কভিড-১৯ সংকট থেকে দেশকে পুনরুদ্ধার করতে ২০২১ সালে দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হন ৭৪ বছর বয়সী মারিও দ্রাঘি।