দেশে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মারা গেছেন ছয়জন। আগের দিন গত বুধবার ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সেদিন সারা দেশে মৃত্যু হয় পাঁচজনের। গতকাল এক দিনের ব্যবধানে শনাক্ত রোগী ও মৃত্যুÑ দুটিই বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৭ জুলাই ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমে যায়। সেই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও নেমে আসে হাজারের নিচে। গত তিন দিন ধরে তা আবার বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশ, আগের দিন এই হার ১৩ দশমিক ৭৯ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩২৪ জনের মধ্যে ৭২১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৪৭।
গত এক দিনে মারা যাওয়া তিনজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি তিনজন ময়মনসিংহ বিভাগের। তাদের চারজন পুরুষ, দুজন নারী।