হবিগঞ্জের মাধবপুরে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ভাই। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. লিটন মিয়া (২২), মো. আরিফ উদ্দিন(২১) । আহত মো. রনি মিয়া (১৯)। তারা মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মোটরসাইকেল আরোহী ওই তিন ভাই ছাতিয়াইন রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় রতনপুর ওভার ব্রিজের নিচে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান লিটন ও আরিফ। আহত রনিকে লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত রিকশাভ্যানের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে শাওন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়। মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
নাটোরে ভ্যানচাপায় শিশুর মৃত্যু : নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত রিকশাভ্যানের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে লক্ষ্মীকোল-ধানাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন নাটোর সদরের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার শিশু হালিমা তার মা রতœা খাতুনের সঙ্গে কুন্ডুপাড়া গ্রামে ধর্ম নানার বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় নানার সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
গোপালগঞ্জের মোটরসাইকেলচালক নিহত : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাওন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানান, শাওন হালদার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এসএস পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সাথে সজোরে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক শাওন মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরে ট্রাকেরচাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু : মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গাংনী উপজেলার মুন্দা গ্রামের হকাজ্জেল আলীর ছেলে তরিকুল ইসলাম একটি তামাক কোম্পানিতে চাকরি করত। সকালে সে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর স্থানে পৌঁছলে পেছন দিক থেকে বালিবহনকারী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।