প্রধানমন্ত্রীকে আনারস উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে সাতশ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় ত্রিপুরা হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের অ্যাটাচে মনিশ সিং’র কাছে আনারসগুলো হস্তান্তর করেন। ১০০টি কার্টনে ৬০০টি (৭৫০ কেজি) আনারস পাঠানো হয়।

মনিশ সিং সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী মানিক সাহার পাঠানো উপহারের আনারস ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে।

আনারস হস্তান্তরের পর ত্রিপুরা হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য বলেন, ‘স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ্বব্যাপী বিখ্যাত। আমরা দুটি জাতের আনারস করি। একটি কিউ, একটি কুইন। দুটিই সুস্বাদু। এই উপহার দুই দেশের মধ্যে সম্প্রীতির বহিঃপ্রকাশ। সুস্বাদু ফলগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারও আমাদের আনারসের স্বাদ নিয়েছেন। এবারও আমরা তাকে আনারস উপহার দিয়ে গর্বিত বোধ করছি।’

আনারস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলার কাস্টমস সুপার প্রাণেশ ধর, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আবু বকর প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন।