ব্রাহ্মণবাড়িয়ায় খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের দুপাশে ভরাট হওয়া প্রাচীন খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের সামনে ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে গ্রামের জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নদী রক্ষা কমিটির (নোঙর) সভাপতি শামীম আহমেদ, ইউপি সদস্য ইকবাল হোসেন, রুবেল ভুইয়া, ইকবাল হোসেন, ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের কার্যকরী সদস্য অন্তর খান, শাকিল আহমেদ মাস্টার, সাইফুল ইসলাম, আল-মামুন, মো. জুনায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, কিছু মহল বিভিন্ন কৌশলে ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের দুপাশে থাকা প্রাচীন খালটির বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে বাড়িঘর নির্মাণ ও ভরাট করে ফেলেছে। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতাসহ জমি সেচে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালগুলো উদ্ধারে বহু চেষ্টা করা হলেও অদৃশ্য কারণে তা সম্ভব হচ্ছে না।