‘অনেক তারকার হাঁড়ির খবর বের করেছি’

এবারের ঈদে ৩০টি শো করেছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

সাম্প্রতিক কাজ...

এবারের ঈদে টেলিভিশনে টোটাল ৩০টা শো করেছি। এর মধ্যে ১৪টা ছিল লাইভ অনুষ্ঠান। আমার লাইভ করতে খুব ভালো লাগে। এর বাইরেও আরও শো’র অফার ছিল, দুটি শো করিনি, ছেড়ে দিয়েছি। তারকাদের নিয়েও অনেকগুলো শো করেছি। কুকিং শো, জনপ্রিয় তারকাদের নিয়ে লাইভ শো, তারকাদের নিয়ে মজার শো, সাতজন ক্রিকেটারকে নিয়ে ঈদ শো করেছি। এর মধ্যে তারকাদের সঙ্গে লাইভ আড্ডাগুলো অনেক মজার ছিল।

নাটক...

এবার নতুন নাটক করেছি একটা। পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে আমার বিপরীতে আছেন জাহের আলভী। এটা আজ এটিএন বাংলায় প্রচার হবে। খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এর বাইরে আরও দুটি নাটকের পুনঃপ্রচার হয়েছে।

সাড়া...

সবগুলো শো থেকেই দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। লাইভ শোগুলোতে ইনস্ট্যান্ট ভিউ, কমেন্ট ছিল।

হাঁড়ির খবর...

জনপ্রিয় তারকাদের নিয়ে করা আমার শোগুলোতে অনেকের হাঁড়ির খবর ফাঁস করেছি। আমার শোগুলোর অতিথি ছিলেন পূর্ণিমা, অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা, মিম, ববি, সিয়াম, নিরব, রাফসানসহ অনেকে। সিয়ামের অনেক তথ্য আগে থেকে দর্শক জানত না, সেগুলো ফাঁস করেছি। রাফসানেরও অনেক গোপন তথ্য আমার শোতে ফাঁস করেছি। শো’র আগে গল্প করে করে বিষয়গুলো বের করার চেষ্টা করেছি। এবার যাদের সঙ্গে শো করেছি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও সম্পর্ক ভালো ছিল। যেমন সিয়ামের সঙ্গে তো বন্ধুত্বও ছিল। অনন্ত-বর্ষার সঙ্গে শো করেও ভালো লেগেছে। অনন্ত জলিল ও বর্ষাকে আমি এন্টারটেইনার হিসেবেই দেখি। সেই জায়গায় ওনারা পারফেক্ট। ওনারা মানুষকে আনন্দ দিতে পারেন। তাদের দেখে মানুষ হাসে, আনন্দ পায় আমি সেভাবেই দেখি। হোস্ট হিসেবে আমার কাজ হচ্ছে তাদের কাছ থেকে ওই জিনিসগুলো বের করে আনা।

প্রিয় অভিনেতা...

এটা খুব টাফ প্রশ্ন। হুমায়ূন ফরীদিকে খুব ভালো লাগত। এখন আরিফিন শুভকে ভালো লাগে। সিয়ামকেও ভালো লাগে।

টিভি না সোশ্যাল মিডিয়া...

আগের চেয়ে টেলিভিশনের দর্শক কমে গেছে এটা ঠিক। এখন টেলিভিশনগুলো সরাসরি লাইভের পাশাপাশি ইউটিউব বা ফেসবুক বেইজড করেও লাইভ প্রচার করছে। ফলে সরাসরি টেলিভিশনে দর্শক কম থাকলেও ওভারঅল দর্শক কিন্তু ভালোই থাকে।

চাকরি...

ঈদে হাসপাতালেও ডিউটি করতে হয়েছে। দিনের বেলায় হাসপাতালে ডিউটি করেছি, রাতে শো করেছি। কম ঘুমাতে পেরেছি। এজন্য শরীর খারাপ করেছিল। এখন ঠিক আছি।

পরিবার...

ঈদের সময়টা লাইভ শো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর শোগুলো করেছি। সারা দিন পরিবারকে সময় দিয়েছি। সব মিলিয়ে ভালোই কেটেছে ঈদ।