মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরো গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত মেক্সিকোর ‘মাদক সম্রাট’ রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী। দেশটির উত্তর-পশ্চিমের রাজ্য সিনালোয়া থেকে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার এক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আছে কুইন্তেরোর বিরুদ্ধে। ১৯৮৫ সালে ওই হত্যাকাণ্ডটি হয়েছিল। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী বলেছে, সিনালোয়ার শইক্স পৌরসভার স্যান সিমন এলাকার একটি জমিতে ঝোপের মধ্যে ৬৯ বছর বয়সী কুইন্তেরোর সন্ধান পায় সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাক্স নামের একটি কুকুর। এদিকে তাকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র অবিলম্বে তার প্রত্যর্পণ চাইতে পারে বলে বিবিসির ভাষ্য। তাকে গ্রেপ্তারের পরই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারীকে যারা অপহরণ, নির্যাতন ও হত্যা করে তারা কোথাও পালিয়ে থাকতে পারবে না।