দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর

সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। তিন বছরের নবীন টেস্ট খেলুড়ে দেশ শক্তিশালী অজিদের কাছে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল। চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে ওই সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া। করোনার পর ব্যস্ত সূচির কারণে সিরিজটি পরবর্তীতে খেলতেও রাজি হয়নি তারা। শেষ পর্যন্ত ২২ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ আসছে বাংলাদেশের। গতকাল আইসিসির নতুন প্রকাশিত এফটিপিতে সূচিতে দেখা যাচ্ছে, ২০২৫-২৭ চক্রে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলার সুযোগ এসেছে। ওই একই চক্রে জো রুটদের সঙ্গে হোম সিরিজ খেলবেন সাকিব আল হাসানরা। চার বছরে দুই চক্রে সর্বোচ্চ ৪২ টেস্ট খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ৪১, ভারত ৩৮। এর বাইরে মাত্র দুটি দেশ ৩০টির বেশি টেস্ট খেলবে। বাংলাদেশ ৩৪ আর নিউজিল্যান্ড ৩২টি।

নতুন এ দুই দল বাদে বাংলাদেশের বাকি টেস্ট প্রতিপক্ষরা পুরনোই। ভারত, উইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি সূচি অনুযায়ী চার চক্রেই টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সামনের দুই চক্রেও আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে ওই সিরিজ বাতিল করে দেয় অজিরা।