নড়াইলের আলোচিত মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে এবার ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি নিচ্ছে কলেজ পরিচালনা পরিষদ। দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে আজই কলেজে যোগদান করতে পরিচালনা পর্ষদের পক্ষ থেতে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। তাকে ফুলের মালা দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছে কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী জানান, গত বুধবার কলেজ পরিচালনা পর্ষদের সভা হয়। সেখানে আজ রবিবার থেকে কলেজ খোলার সিদ্ধান্ত হয়। গত ১৮ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছনার পরদিন থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ঈদুল আজহাসহ অন্যান্য ছুটিও ছিল।
লাঞ্ছনার শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস অন্তরালে আছেন। এখনো বাড়িতে থাকছেন না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি। এ সময় ওই শিক্ষকের মা বনলতা বিশ্বাস বলেন, ‘আমার ছেলেকে (স্বপন বিশ্বাস) জুতার মালা পরিয়ে যেভাবে অপমান-অপদস্থ করা হয়েছে, তাতে সবাই লজ্জিত। আমার ছেলে কলেজে গেলে তাকে সসম্মানে মর্যাদা দিতে হবে। ভালোবাসা ও ফুলের মালা দিয়ে বরণ করে নিলেই কলেজে যোগদান করবে সে। এটাই আমার চাওয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা মানসিকভাবে অনেক দুর্বল। তাই সমাজে চলাফেরা করতে কষ্ট হয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অচিন চক্রবর্ত্তী বলেন, ‘অধ্যক্ষকে রবিবারই (আজ) কলেজে যোগদান করতে অনুরোধ করেছি। আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে প্রস্তুতও আছি।’
বিছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনিসুর রহমান বলেন, ‘অনাকাক্সিক্ষত ঘটনার কারণে অনেকদিন কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। রবিবার থেকে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করার প্রস্তুতি নিয়েছি। আশা করছি, এখন থেকে সুষ্ঠু সুন্দরভাবে কলেজের কার্যক্রম পরিচালনা হবে।’
গত ১৭ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত এক বক্তব্য নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস পুলিশে খবর দেন। ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের ছাত্র ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেন। ওই ঘটনার কিছু ছবি ও ভিডিও ফেইসবুকে আসে, যাতে পুলিশের উপস্থিতিও দেখা যায়। এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যে এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সদর থানার ওসি শওকত কবির ও মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুরসালিনকে প্রত্যাহার করা হয়েছে