সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুরান কালারুকা গ্রামের ছইদ উল্লাহর পুত্র শিরাজ উদ্দীন (৫৫) ও ওয়ারিছ উল্লাহর পুত্র নওসাদ মিয়া। আহতরা হলেন, একই এলাকার হারিছ মিয়ার পুত্র ফজর আলী (৬৬) ও জহুর আলীর পুত্র নজরুল ইসলাম নজই (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক।
তিনি জানান, মুষলধারে বৃষ্টিতে ফাটাবিল হাওরে নৌকায় মাছ ধরার সময় বজ্রপাত হলে চারজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।