দৃষ্টিহীন শিক্ষার্থীর চাকরির দাবি

সরকারি চাকরির দাবিতে আবারও অনশন কর্মসূচি পালন করছেন দৃষ্টিহীন শাহীন আলম। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শাহীন।

জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫-১৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করেছেন। এছাড়াও তিনি অনলাইনে দেশ-বিদেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছেন। যার শিক্ষার্থী ২৩৯ জন। এখন তিনি নিজের যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরির দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মৃত্যু হলেও তিনি অনশন কর্মসূচি ভঙ্গ করবেন না বলে জানিয়েছেন। এর আগে গত ৯ মে একই স্থানে চাকরির দাবিতে অনশন শুরু করলে জেলা প্রশাসকের আশ্বাসে তিনি তা ভঙ্গ করেন। কিন্তু এখনো তার দাবি পূরণ হয়নি।

শাহীন আলম বলেন, ‘আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি না দেওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাব।’