যাত্রা শুরু করেছে দেশের প্রথম লভ্যাংশহীন মিউচুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’। গতকাল রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মিজানুর রহমান বলেন, মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে বড় ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এটা এখনো অনুপস্থিত। গত ১০ বছরে মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।
তিনি বলেন, বাজার পড়তে থাকলে মিউচুয়াল ফান্ড আন্ডার পারফরম্যান্স করে এবং বিনিয়োগকারীদের একটা স্থিতিশীল রিটার্ন দিতে পারে না। সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড বিনিয়োগকারীরা এনএভিতে কিনতে পারবে এবং এনএভিতে বিক্রি করতে পারবে। যেকোনো সময় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে পারবে এবং মূলধনী মুনাফা থাকলে তা নেওয়ার সুযোগ পাবে। আমি আশা করি এটি অন্য ফান্ড ম্যানেজারদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনোলজির কারণে বাজারে কিছুটা অস্বস্তি আছে। তবে আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু হয়ে যাবে। বর্তমানে ৮১টির মতো ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে নিয়ে আসতে পারব।
অনুষ্ঠানে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের ফান্ড ম্যানেজারের পক্ষ থেকে বলা হয়, এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত দেশের প্রথম নো ডিভিডেন্ড ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যান্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করতে ও একই সঙ্গে তুলনামূলক অধিক কর রেয়াত সুবিধা গ্রহণ করতে সাহায্য করবে।
ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ৫০ কোটি টাকা। যার মধ্যে ১০ কোটি টাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্পন্সর হিসেবে দিয়েছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন গতকাল শুরু হয়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।