শিগগিরই ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার ওপর জোর দিয়েছে উভয় দেশ। গতকাল সোমবার জাকার্তায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয় এবং কীভাবে এই সম্পর্ক আরও শক্তিশালী করা যায় সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া দুই পররাষ্ট্রমন্ত্রী দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছাবিনিময় করেন।

দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, জ¦ালানি, স্বাস্থ্য ও ওষুধ, সংযোগ, আইসিটি, পর্যটন, হালাল ব্যবসা, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, যুব ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে। পাইপলাইনে থাকা সমঝোতা চুক্তিগুলো শিগগিরই সই হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া ও আসিয়ান দেশগুলোর জোরালো সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে বাংলাদেশের আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ জানান মোমেন।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ এবং সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।