দেশে গত এক সপ্তাহে করোনা শনাক্ত কমেছে ৪১ দশমিক ৯ শতাংশ ও করোনায় মৃত্যু কমেছে ১০ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে (১১-১৭ জুলাই) সারা দেশে ৬ হাজার ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (৪-১০ জুলাই) এই সংখ্যা ছিল ১১ হাজার ১৬৫ জন। অন্যদিকে, গত সপ্তাহে করোনায় মারা গেছে ৩৪ জন। আগের সপ্তাহে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর এপিডেমিওলজিক্যাল রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যে ৩৪ জন মারা গেছে, তাদের মধ্যে ২১ জন বা ৬২ শতাংশ রোগীই করোনার টিকা নিয়েছিল। আর টিকা নেয়নি ১৩ জন, যা মোট মৃত্যুর ৩৮ শতাংশ। যে ২১ জন টিকা নিয়েছিল, তাদের মধ্যে ১৪ জন দুই ডোজ, ৬ জন বুস্টার ডোজ ও একজন প্রথম ডোজ টিকা নিয়েছিল। অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন মারা গেছে। এই সংখ্যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি রোগী মারা যায় ১২ জুলাই ৯ জন। এরপর মৃত্যু কমতে থাকে। এই ছয় দিনে সবচেয়ে কম মারা গেছে ১৫ জুলাই ২ জন। গত রবিবার মারা গিয়েছিল ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেল ২৯ হাজার ২৪১ জন।
দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭২ জন। এর আগে চার দিন পর ১৭ জুলাই দৈনিক শনাক্ত রোগী ১ হাজারের নিচে নেমেছিল। সেদিন শনাক্ত হয়েছিল ৯০০ জন। এক দিন পরেই সেই সংখ্যা আবার হাজার ছাড়াল। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৯৭ হাজার ৪১২।
নতুন শনাক্ত ১ হাজার ৭২ জনের মধ্যে ৫৬২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে এবং সিলেট বিভাগের বাসিন্দা একজন। তাদের চারজন পুরুষ এবং তিনজন নারী।