সেনাপ্রধানের সঙ্গে সফররত ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। গতকাল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে দুই দেশের সেনা প্রধানের মধ্যে সাক্ষাৎ হয়। এ সময় ভারতীয় সেনাবাহিনী প্রধান আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারি সম্পর্কের ভিত্তি প্রকাশিত হলো। একান্ত সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর সেনা সদরের হেলমেট কনফারেন্স রুমে প্রতিনিধিদলের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হয়ে তিনি সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনা সদরে আগমনের আগে জেনারেল মনোজ পা-ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে জেনারেল মনোজ পা-ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে প্রতিনিধিদলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে এবং জাদুঘরটি ঘুরে দেখে। সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জেনারেল মনোজ পাণ্ডের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে নৈশভোজ (ব্যাংকোয়েট ডিনার) এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় ভারতের প্রতিনিধিদল এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়, আজ মঙ্গলবার জেনারেল মনোজ পাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। একই দিন সফরকারী দলটি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবে।

আইএসপিআর জানিয়েছে, এ সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে গত রবিবার ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বাংলাদেশে আসেন। সফর শেষে ভারতের প্রতিনিধিদল ২১ জুলাই বৃহস্পতিবার দেশে ফিরে যাবে।