টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকায় ব্রিজের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলী ওরফে শুম্ভুর ছেলে।
নাগরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া ব্রিজের নিচে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে।