ঈদের আলোচিত সিনেমা ‘পরাণ’-এ অভিনয় করেছেন ইয়াশ রোহান। সিনেমা ও সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
ঈদ কেমন কাটল?
ঈদ কেটেছে পরাণ নিয়েই। ঈদের আগের দিনে থেকে শুরু করে এখন পর্যন্ত পরাণের প্রমোশন নিয়েই ব্যস্ত আছি। হলে হলে যাওয়া, চ্যানেলগুলোতে যাওয়া এগুলো করছি। সব মিলিয়ে পরাণ নিয়েই ব্যস্ত ছিলাম। পরাণ ছাড়া অন্য কিছু চিন্তা করার সময়ই ছিল না।
সাড়া কেমন পাচ্ছেন?
অবিশ্বাস্য রকমের সাড়া পাচ্ছি। ঈদের পর থেকে আজ পর্যন্ত ফেইসবুকে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক রেসপন্স আসছে। সিনেমা হলগুলোতে যে ভিড় দেখেছি তা অবিশ্বাস্য। ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও প্রচুর সাড়া পাচ্ছি, যা বলে বোঝাতে পারব না। পরাণ যতটা ভালো করছে, আমরাও ততটা ভালো আছি।
হাইলাইট...
কখনোই মনে হয়নি যে আমি শরিফুল রাজ বা মিমের চেয়ে কম হাইলাইট হচ্ছি। সিনেমা হচ্ছে একটা টিমওয়ার্ক, এখানে কেউ বেশি হাইলাইট হবে আবার কেউ কম হাইলাইট হবে এটা জরুরি নয়। যেটা আমি মনে করি তিনটা ক্যারেক্টারের মধ্যে থেকে যদি একটা ক্যারেক্টার ফেলে দেন তাহলে কিন্তু গল্পটা কাজ করবে না, ফলে প্রত্যেকটা ক্যারেক্টারই সমান।
নিজের অভিনীত পছন্দের সিনেমা...
আমি তিনটি সিনেমায় অভিনয় করেছি। পছন্দ করেছি বলেই কাজগুলো করেছি। কোনোটাকেই আমি এগিয়ে রাখব না আবার পিছিয়েও রাখব না। পরাণ আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে কারণ এটা আমার ক্যারিয়ারে প্রথম ঈদ রিলিজ। শুধু তাই নয়, এটা আমার ক্যারিয়ারে প্রথম হিট মুভি। আর স্বপ্নজাল আমার কাছে স্পেশাল হয়ে থাকবে কারণ ওটা আমার প্রথম সিনেমা।
নাটক...
ঈদে বেশ কিছু নাটক রিলিজ হয়েছে। ঈদ ছাড়া আমি খুব একটা নাটকে কাজ করি না। আর নতুন কোনো নাটকে এখনো চুক্তিবদ্ধ হইনি। আমি যেটা পছন্দ করি, সেটা হচ্ছে ভালো গল্প। সেটা যদি টেলিভিশন থেকে আসে, ওটিটি থেকে আসে, সিনেমা থেকে আসে ডাজ নট ম্যাটার।
নাটক না সিনেমা...
অনেকেই সিনেমা করলে নাটক করা ছেড়ে দেন। কিন্তু নাটক থেকে গুটিয়ে একেবারে সিনেমায় মনোনিবেশ করার কোনো ইচ্ছে আমার নেই। আমি আশা করি এমন পরিকল্পনা সামনেও কখনো থাকবে না। আমার পরিকল্পনা খুবই সিম্পল, গল্প যদি ভালো হয়, টিম যদি ভালো হয় তাহলে নাটক, সিনেমা বা ওটিটি যেখানেই হোক কাজ করব। আমি একজন অভিনেতা হিসেবেই নিজেকে দেখতে চাই।
অন্যান্য কাজ...
‘পর্দার আড়ালে’ নামে একটা সিনেমার শ্যুটিং করছি। ফাস্ট লট শেষ, সেকেন্ড লটের শ্যুটিংও শিগগিরই শুরু হবে। এর বাইরে আশুতোষ সুজনের ‘দেশান্তর’ মুভি হাতে আছে। আপাতত এগুলোই। ওয়েব কনটেন্ট একটা আসবে সেটা নিয়ে কিছু বলতে পারব না, নিষেধ আছে। আমি আসলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি না। এখন আপাতত পরাণের প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। এটা শেষ হলে অন্য কিছু করব।