নবায়নযোগ্য জ্বালানি

পোশাকশিল্পে সহযোগিতা করতে চায় হুয়াওয়ে টেকনোলজিস

বাংলাদেশের পোশাকশিল্পে সোলার প্যানেল ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহযোগিতা করতে চায় হুয়াওয়ে টেকনোলজিস। চীনা এ প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

বিজিএমইএ সভাপতির সঙ্গে বৈঠকে হুয়াওয়ে প্রতিনিধিদল পোশাকশিল্পে বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলোতে সোলার পিভি বাস্তবায়নের জন্য তাদের প্রস্তাবিত ওপেক্স ও ক্যাপেক্স মডেলের সংক্ষিপ্ত বিবরণ দেয়। তারা বাংলাদেশের পোশাকশিল্প, বিশেষ করে পোশাক কারখানায় সোলার প্যানেল ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হুয়াওয়ে টেকনোলজিস এবং বিজিএমইএ কীভাবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা করে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাকশিল্প টেকসই প্রবৃদ্ধির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে এবং উৎপাদনের পরিবেশগত ব্যয় হ্রাস এবং সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি সাশ্রয়ী মূল্যে পোশাক কারখানায় উদ্ভাবনামূলক ও ব্যয় সাশ্রয়ী সৌর প্যানেল আনার জন্য হুয়াওয়ে টেকনোলজিসের প্রতি আহ্বান জানান।

হুয়াওয়ে প্রতিনিধিদলে ছিলেন লি জংশেংয়ের প্যান জুনফেং, ডিজিটাল পাওয়ার বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইকসিং এবং বাংলাদেশ ডিজিটাল পাওয়ার বিজনেসের অ্যাকাউন্ট ম্যানেজার রুম্মান ইকবাল রনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন ও বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান।