শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসানের বিরুদ্ধে করা মামলা ‘হয়রানিমূলক’ ও ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিনাথপুর বাজার সড়কে ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল হক হারুন।
এতে বক্তারা বলেন, গত ২২ এপ্রিল হারুনুজ্জামাম বিপুল প্রতিপক্ষের হামলায় আহত হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় বিপুলের ভাই হাসিবুজ্জামান ২৯ জনকে আসামি করে মামলা করেন। ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ এ মামলা থেকে হাসানসহ নির্দোষ সবার নাম প্রত্যাহারের দাবি করছি। বাদী হাসিবুজ্জামান কবির ও তার স্ত্রী রাশিদা খাতুন বলেন, ‘হত্যার ঘটনাটি ঘটেছে দিনের বেলায় শত শত মানুষের সামনে। নিহত বিপুলের স্ত্রী শিল্পী খাতুনও এ সময় ঘটনাস্থলে ছিলেন। এখন মামলা প্রত্যাহারের জন্য তারা আমাদের হুমকি দিচ্ছে।’