ঢাকা সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের (ইইউ) আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক সদস্যরা বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডের। ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিক নয়, অনেক ক্ষেত্রে এর অপব্যবহার হচ্ছে। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা এ বিষয়টি তুলে ধরেছি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’-এ যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
চীন ও ভিয়েতনামে একই সমস্যা রয়েছে উল্লেখ করে ইইউ সদস্যরা বলেন, এই দেশ দুটির আইনগত দিকগুলোও আন্তর্জাতিক মানদণ্ডে নয়। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদলের সদস্য হিদি হাউতালা বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। গত এক দশকে বিশেষত ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ইইউর বাজারে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ হয়েছে। বাজারটিতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ইবিএর (অস্ত্র ছাড়া বাকি সব পণ্য) অধীনে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পায় বাংলাদেশ।’
তিনি বলেন, ‘২০২৬ সালে এলডিসির তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে। জিএসপির আওতায় ২০২৯ পর্যন্ত বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। স্বল্প আয়ের দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হলে জিএসপি প্লাস সুবিধার প্রয়োজন হবে। জিএসপি প্লাস সুবিধা পেতে শিশুশ্রমসহ অন্যান্য সংস্কার এবং এর সন্তোষজনক বাস্তবায়ন জরুরি। আমরাও চাই এটি দ্রুত বাস্তবায়ন হোক।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে যে শুধু ইউক্রেন-রাশিয়ায় সংকট তৈরি হয়েছে বিষয়টি এমন নয়। বৈশি^কভাবেই খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিয়েছে এবং গোটা বিশ্বই এখন আক্রান্ত হয়েছে। অবশ্যই এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করা উচিত।’
ইইউ পার্লামেন্টের আরেক সদস্য ম্যাক্সিমিলান ক্রাহ বলেন, ‘ইইউর বাজারে বাংলাদেশের বাণিজ্য সুবিধা পেতে শ্রমমান ও মানবাধিকার পরিস্থিতির উন্নতির পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণের দিকেও নজর দিতে হবে। একটি পণ্যের ওপর নির্ভরশীলতা ওই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আগামী সাত থেকে আট বছরের মধ্যেই বহুমুখীকরণ করতে হবে।’
এর আগে গত রবিবার চার দিনের সফরে বাংলাদেশে আসে ইইউ প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন হিদি হাউতালা, জোসে ম্যানুয়েল মারগালু, সেভেন সিমন, অ্যাজেন্স জনরিয়ার্স, জর্দি কানানস, প্যারেস, ম্যাক্সিমিলান ক্রাহ। তাদের সঙ্গে ইউরোপীয় কমিশনের এক্সটার্নাল পলিসি বিভাগের দুজন এবং পলিটিক্যাল গ্রুপের তিনজন এজেন্ট রয়েছেন।
ডিকাব টকের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস। এতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।