প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসইসির অনুদান

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫  কোটি টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার আব্দুল হালিম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় এসইসির শীর্ষ পর্যায়ের পুঁজিবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এসইসির চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে এ সময় পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাজারের উন্নয়নে এসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান। প্রধানমন্ত্রী আগ্রহ সহকারে কমিশনের মতামত  শোনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আইওএসকোর এশিয়া প্যাসিফিকের ভাইস চেয়ার শিবলী : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইলেকট্রনিক ভোটিংয়ে চীনকে পরাজিত করে প্রথম বারের মতো এই গৌরব অর্জন করল বাংলাদেশ। আগামী ২০২২-২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিজ্ঞপ্তি