দেরিতে আমদানি ব্যয় মেটানো যাবে ডিসেম্বর পর্যন্ত

বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বৃদ্ধি করল বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে সার্কুলার জারি করে ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে।

এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে আলোচ্য ব্যবস্থা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। একই দিনে জারিকৃত অপর একটি সার্কুলারের মাধ্যমে ইডিএফ ঋণের সুদের হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।