কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ

কুষ্টিয়ায় সাংবাদিক হসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেপ্তার দাবিতে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বর থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেইটে গিয়ে শেষ হয়।

কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতারাসহ কুষ্টিয়া প্রেস ক্লাব, কেপিসি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক অধিকার ফোরাম, জেলা অনলাইন প্রেস ক্লাব কুষ্টিয়াসহ সাংবাদিকদের সব সংগঠন স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণের মধ্য দিয়ে এতে সংহতি প্রকাশ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন এই মৌন মিছিলে।

মৌন মিছিলের পর জানানো হয় আগামী রবিবার সকাল থেকে জেলা প্রশাসন চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।