যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক এবং সার্কভুক্ত দেশগুলোর চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম বলে মন্ত্রব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি ৮.৬ শতাংশ। এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় ৩৯.১ শতাংশ, পাকিস্তানে ১৩.৮ শতাংশ, ভারতেও ৭ শতাংশের ওপরে। কিন্তু আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু ওপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে।’
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর প্রকাশিত পদ্মা সেতুভিত্তিক সংবাদ সংকলনের সাতটি খ-ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলব, তিনি শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করি, এখনো পার্টটাইম পড়াই। মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে অনুরোধ, মাস্টার সমাজের যাতে বদনাম না হয়, সেজন্য তার একটু পড়াশোনা করা দরকার।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে তাকে একটু তাকাতে বলব। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি ৮.৬ শতাংশ। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ যুক্তরাজ্যে ৯.১ শতাংশ, জার্মানিতে ৭. ৯ শতাংশ, রাশিয়াতে ১৭.১ শতাংশ, তুরস্কে ৭৩.৫ শতাংশ, নেদারল্যান্ডসে ৯.৬ শতাংশ। ‘দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কায় ৩৯.১ শতাংশ, পাকিস্তানে ১৩.৮ শতাংশ, ভারতেও ৭ শতাংশের ওপরে। আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু ওপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে, যেটি আজকে সব পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। দেশে এখনো এই কম মূল্যস্ফীতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অফিসে আসার সময় প্রেস ক্লাবের সামনে দেখেছি জনা পঞ্চাশ মানুষ দাঁড়িয়ে বিক্ষোভ করছে। আশপাশের গাছপালায় তার চেয়ে বেশি কাঁক-পাখি আছে। সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে তাদের হুমকি-ধমকির মধ্যেই জনগণ আমাদের আরও দু’বার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী সব সংসদীয় গণতন্ত্রের দেশের মতোই বাংলাদেশে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।’
দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গত অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথার্থ বর্ণনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত করোনা দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। সমগ্র পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।’
মন্ত্রী এ সময় তার নির্দেশে পদ্মা সেতুভিত্তিক দুই হাজারেরও বেশি সংবাদের সংকলন দ্রুত প্রকাশের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল, ইয়াকুব আলী প্রমুখ।