শেষ পর্যন্ত পদত্যাগই করলেন ইতালির প্রধানমন্ত্রী

সপ্তাহব্যাপী টালমাটাল পরিস্থিতির পর অবশেষে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। জোট সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় শরিক ৩ দল তার থেকে সমর্থন তুলে নেওয়ায় পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

এই সিদ্ধান্তের আগের রাতের এক ভোটাভুটিতে আস্থা ভোটে হেরে যান দ্রাঘি। এরপর গতকাল বৃহস্পতিবার ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কার্যালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন একজন প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন।

তার পদত্যাগে ভূমধ্যসাগরীয় সমৃদ্ধ দেশটি আপাতত রাজনৈতিক অনিশ্চয়তায়। আস্থা ভোট দ্রাঘির বিরুদ্ধে যাওয়াকে জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন ইতালির উগ্র-ডানপন্থি নেত্রী জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী নির্বাচনে মেলোনিই জিততে চলেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। 

অর্থনীতির চেনা জগৎ থেকে রাজনীতিতে আসার আগে মারিও দ্রাঘি (৭৪) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন। অর্থনীতিবিষয়ক জ্ঞান ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি এখনো ইউরোপে ‘সুপার মারিও’ হিসেবে পরিচিত।

দেশের অর্থনীতি পুনর্গঠনে গত সপ্তাহে কয়েকটি নতুন পরিকল্পনা-সংবলিত একটি ‘ইকোনমিক প্যাকেজ’ ঘোষণা করেছিলেন দ্রাঘি। এরপরই টালমাটাল পরিস্থিতি শুরু হয়। প্রধানমন্ত্রীর গৃহীত নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে জোটের একটি দল তখনই তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। গত বুধবার সমর্থন প্রত্যাহার করে জোটের আরও দুটি দল।